দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় একটি ছয় মাস বয়সী শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। একই সঙ্গে মস্কোর উত্তরে অবস্থিত রাশিয়ার অন্যতম বৃহৎ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রেও হামলার দাবি করেছে ইউক্রেন।
মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনীয় বাহিনী মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে দুবনা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারে হামলা চালিয়েছে। তার দাবি, রুশ সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যুদ্ধ সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্থাপনাটি। গত এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
তবে রাশিয়া স্যাটেলাইট কেন্দ্রটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেনি। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, দুবনা শহরের একটি প্রশাসনিক ভবনে ড্রোন আঘাত হেনেছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভোরোবিয়ভ আরও জানান, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েগোরিয়েভস্ক এলাকায় একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত করলে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েন। উদ্ধারকর্মীরা দুই প্রাপ্তবয়স্ক ও দুই শিশুকে উদ্ধার করলেও ছয় মাস বয়সী এক শিশু হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ ছাড়া রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় তভার অঞ্চলে ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ একটি গ্রীষ্মকালীন বাড়িতে পড়ে ৬১ বছর বয়সী এক নারী নিহত হন।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, সোমবার রাত থেকে শুরু হওয়া একাধিক দফার হামলায় রাজধানীমুখী ৬০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশজুড়ে মোট ৪১৯টি ড্রোন ধ্বংস বা প্রতিহত করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে ইউক্রেন। তেল শোধনাগারের পাশাপাশি এখন মস্কো ও সেন্ট পিটার্সবার্গেও বড় আকারের হামলা চালানো হচ্ছে। গত সপ্তাহে জেলেনস্কি রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে ৪০ দিনের বিশেষ অভিযান শুরুর ঘোষণা দেন।
ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, ব্রিয়ানস্ক সীমান্ত অঞ্চলে রুশ রাডার ব্যবস্থা ধ্বংস করার ফলে মস্কোমুখী আকাশপথে ‘উন্মুক্ত করিডর’ তৈরি হয়েছে, যা এসব হামলা পরিচালনা সহজ করেছে।
এদিকে হামলার প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এ ধরনের হামলায় বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিশুরাও প্রাণ হারাচ্ছে।’
সূত্র: সিএনএন
এমএস/